একতা ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ রুহুল কবীর খানকে।
সোমবার ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার(সদর দপ্তর ও প্রশাসন) স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী, তার পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
মোহাম্মদ রুহুল কবীর খান ২৭তম বিসিএস(পুলিশ) ব্যাচের কর্মকর্তা। গুলশান বিভাগে নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন।
গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চুয়াডাঙ্গা জেলা থেকে ডিএমপিতে বদলি করা হয়। এর একদিন পরই তাকে গুলশান বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হলো।
এর আগে গুলশান বিভাগে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়। গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই ঘটনার পর গুলশান বিভাগের তৎকালীন ডিসি এম তানভীর আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) মোঃ সারোয়ার হাসাইন এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়।
Leave a Reply