সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ দেশব্যাপী প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত
ছিলেন মাগুরার শালিখা উপজেলা প্রশাসন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুন নিছা, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিবও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, খাদ্য কর্মকর্তা প্রবীর কীর্তনীয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, পিআইও মোঃ লালটু মিয়া, ওসি তদন্ত দেব্রত কুমার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, রিসোর্স অফিসার অপূর্ব কুমার মন্ড, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা অনলাইনে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন। পরে আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে স্কাউটস, বিডিক্লিন ও আড়পাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। একই সঙ্গে মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হয়। অভিযানে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি বাড়িঘর ও আশপাশে কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
Leave a Reply