একতা ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে দিনাজপুরের হিলি থেকে দিনাজপুর ও জয়পুরহাট রুটে লোকাল বাসের ভাড়া বাড়ানো হয়েছে। বাড়তি ভাড়া দিতে গিয়ে সাধারণ যাত্রীরা যেমন সমস্যায় পড়েছেন, তেমনি ভাড়া বাড়ানোর পরও ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন বাস মালিক ও শ্রমিকরা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, হিলি-দিনাজপুর রুটে ২০ টাকা বাড়িয়ে এখন ১৭০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আর হিলি থেকে জয়পুরহাট যেতে ১০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। তবে দূরপাল্লার বাসে এখনো ভাড়া বাড়ানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাসচালক ও শ্রমিকরা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর লোকাল রুটে বাস চালিয়ে খরচ পোষানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে কয়েকজন বাস মালিক তাদের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
তারা জানান, আগে হিলি-জয়পুরহাট রুটে প্রতিদিন প্রায় ৩২টি বাস চলাচল করত। বর্তমানে সেখানে ১২ থেকে ১৩টি বাস চলছে। বাসের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে অনেক বাস শ্রমিকও কর্মহীন হয়ে পড়েছেন।
বাস মালিক ও শ্রমিকদের দাবি, জ্বালানি তেলের বর্তমান দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার দ্রুত বাসভাড়া নির্ধারণ করলে এ খাতে মালিক, শ্রমিক ও যাত্রীদের জন্য একটি নির্দিষ্ট কাঠামো তৈরি হবে। এতে ভাড়া ও পরিবহন পরিচালনার ব্যয় নিয়ে অনিশ্চয়তাও কমবে।
Leave a Reply