একতা ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দূরপাল্লা ও মহানগরের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সড়ক পরিবহন মালিক সমিতি।
মালিক সমিতির প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা এবং ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।
তবে বৈঠকের পর মালিক সমিতির প্রস্তাবের চেয়ে কম, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply