একতা ডেস্কঃ আগামী রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার আমদানিনির্ভর খাদ্য পণ্যের শুদ্ধ-কর হ্রাস এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ প্রত্যাহার করেছে। খেজুর একটি আমদানি নির্ভর ফল যা সকল শ্রেনীর মানুষের ইফতারের অপরিহার্য উপাদান। পবিত্র রমজান মাসে খেজুরকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নিমিত্তে খেজুর আমদানির ওপর বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫% হতে হ্রাস করে ১৫%, অগ্রিম আয়কর ১০% থেকে হ্রাস করে ৩% এবং বিদ্যমান ৫% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করে অর্থাৎ মোট করভার ৬০.৬০% হতে হ্রাস করে ৩৮.৭০% নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড পৃথক ২ টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
আমদানি শুল্ক-কর হ্রাস করার ফলে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা হতে ১০০ টাকা হ্রাস পেতে পারে। আমদানি পর্যায়ে শুল্ক-কর হ্রাসের ফলে খেজুরের আমদানি বৃদ্ধি পাবে, বাজারে খেজুরের সরবরাহ বৃদ্ধি পাবে এবং খেজুরের বিক্রয় মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে- যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply