ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুটি কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চরম হতাশাজনক চিত্র দেখা গেছে। মহালছড়ি সরকারি কলেজ ও মাইসছড়ি কলেজের ফলাফল শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মহালছড়ি সরকারি কলেজ থেকে এ বছর মোট ৫৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৯৩ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪৬৭ জন। কলেজটির পাসের হার ১৬.৬১ শতাংশ। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ২৬ জন, মানবিক বিভাগে ৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ জন উত্তীর্ণ হয়েছেন।কোন জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
অন্যদিকে, মাইসছড়ি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র একজন এবং অনুত্তীর্ণ হয়েছেন ২২ জন। কলেজটির পাসের হার মাত্র ৪.৩৫ শতাংশ। এ কলেজ থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেননি।
এ বিষয়ে মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামছুর রহমান বলেন, শিক্ষার্থীদের অনিয়মিতভাবে কলেজে আসাই ফলাফল বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পাঠদানে মনোযোগী হওয়া জরুরি।
তিনি আরও বলেন, আগামীতে মহালছড়ি উপজেলার দুটি কলেজে ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমে যথাযথ তদারকির মাধ্যমে এ পরিস্থিতির উন্নয়ন সম্ভব।
সংশ্লিষ্টদের মতে, এ ফলাফল শুধু শিক্ষাপ্রতিষ্ঠান দুটির জন্য নয়, পুরো উপজেলার শিক্ষাব্যবস্থার জন্যই একটি সতর্কবার্তা। আগামীতে এ অবস্থার উত্তরণে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের জবাবদিহি, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের নিয়মিত কলেজমুখী করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
মহালছড়ির শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে আগামী বছরগুলোতে ভালো ফলাফল অর্জনে এখনই সম্মিলিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Leave a Reply