মাদক ও জুয়া প্রতিরোধে গুরুত্বারোপ
ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১০.০০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মোঃ শাহীন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন সহ আইন-শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্য বৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, মাদক ও জুয়া প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি (ফেক আইডি) ব্যবহার, ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ (ফেক নিউজ) প্রচার রোধ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় মহালছড়ি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
Leave a Reply