একতা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগরীতে উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগরীতে প্রায়ই লক্ষ্য করা যায় যে রিকশা ও ব্যাটারিচালিত রিকশা (যা ঝুঁকিপূর্ণ) বিভিন্ন সড়কে উল্টোপথে চলাচল করে। প্রায় সব ক্ষেত্রে রিকশার যাত্রীরা রিকশাচালককে উল্টোপথে যেতে প্ররোচিত করেন। আবার ঢাকা মহানগরীর প্রধান সড়ক (যে সব সড়কে বাস চলাচল করে) ও গুরুত্বপূর্ণ সড়ক যেখানে রিকশা চলাচলের অনুমোদন নেই সেসব সড়কেও রিকশা চলাচল করতে দেখা যায়। যাত্রীরা রিকশাচালকদের অননুমোদিত সড়কে প্রবেশ করতে প্ররোচিত করেন। উল্টোপথে এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচলের ফলে সড়কের স্বাভাবিক যানচলাচল বিঘ্নিত হয়ে যানজট বৃদ্ধির পাশাপাশি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।
আবার অনেক সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও ট্রাফিক সহায়তাকারী গ্রুপ সদস্যদের সঙ্গে অযাচিত বাগবিতণ্ডা সৃষ্টি হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার ফলে সংশ্লিষ্ট যাত্রী ও চালকের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হয়। অনুরূপভাবে ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল এবং অটোরিকশা (সিএনজিচালিত) উল্টোপথে চলাচল করতে দেখা যায়।
উল্টোপথে চলাচলের কারণে সড়কে যানজট বৃদ্ধির পাশাপাশি সড়ক দুর্ঘটনা ঘটে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য উল্টোপথে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইন প্রয়োগ করার সময় অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রী ও চালক আইন প্রয়োগ করতে বাধা দেন। এমন পরিস্থিতিতে ফৌজদারি অপরাধ করার ফলে সংশ্লিষ্ট যাত্রী ও চালককে গ্রেফতারের পর আইনের হাতে সোপর্দ করতে হয়।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে। এ বিষয়ে ঢাকা মহানগরী পুলিশ (ডিএমপি) সবার সহযোগিতা কামনা করছে।

Leave a Reply