মন্ত্রী নিতাই রায় চৌধুরীর পক্ষে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন মুন্সী মনিরুজ্জামান চকলেট
মুন্সী হাবিবুল্লাহঃ দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। তবে সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন মাগুরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সী আনিচুর রহমান মিল্টন, মাগুরা জেলা বিএনপির সদস্য মোতালেব সিকদার, মহিলা যুবদল নেত্রী রুনা খাতুন, সিএনআরএসের কর্মীবৃন্দ এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক একতার প্রকাশক সোহাগ হাসান সন্ধি ও সম্পাদক মুন্সী হাবিবুল্লাহ, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে উৎসাহিত করতে বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। এ সময় উপকারভোগীদের হাতে ঋণের চেক ও চারাগাছ তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে তরুণেরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, বেকারত্ব দূরীকরণ এবং তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply