একতা ডেস্কঃ রাজধানীর আশুলিয়ায় টেলিভিশন নাটকের অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪) নিজের বাড়িতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। উদঘাটন হয়নি ঘটনার মোটিভও। ঘটনার পর আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রবিবার ভোরে সাভারের আশুলিয়ায় নিজের বাসায় গুলিবিদ্ধ হন আজাদ ও তার স্ত্রী রোকসানা হক। বর্তমানে তারা রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনেতা জানান, রবিবার ভোর সাড়ে তিনটার দিকে জিরাবো এলাকার বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত।
গ্রিল কাটার শব্দে তার ঘুম ভেঙে যায়। উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোঁড়ে। তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, অভিনেতার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

Leave a Reply