একতা ডেস্কঃ আদালতের ভেতরে শুনানি চলাকালে ছবি তুলতে বাধা দেয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে পাবনায়। এ ঘটনায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল ১৫ এপ্রিল, মঙ্গলবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে আওয়াল কবির (৩৮), হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির (৩৩), দাশুড়িয়া গ্রামের মৃত আমজাদ খানের ছেলে কালাম খান (৪০), এম এস কলোনি এলাকার ইউসুফ আলীর ছেলে রুবেল হোসেন (৩৩), লোকসেড গাউছিয়া মসজিদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন (৩৫) এবং ভাঁড়ইমারী বাঁশেরবাদা গ্রামের মৃত আব্দুল গাফফার সরদারের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।
আওয়ামী লীগ সরকারের সময়ের একটি নাশকতা মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেই মামলায় আসামিরা হাজিরা দিতে এসেছিলেন। শুনানি চলা অবস্থায় তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। এসময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করেন। এসময় আদালতের আইনজীবী ও উপস্থিত লোকজন ওই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আদালতের শুনানি শেষে অভিযুক্তদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) রাশেদুল ইসলাম জানান, অভিযুক্ত ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার বলেন, আদালতের এজলাসে এ ধরণের ঘটনা মেনে নেবার মত নয়। বিএনপির কেউ যদি সত্যিই এমন ঘটনা ঘটিয়ে থাকে তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply