একতা ডেস্কঃ নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী চৌধুরী রফিকুল (সি আর) আবরার। বুধবার বেলা ১১টা ৬ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এ নিয়ে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। নবনিযুক্ত এই উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতদিন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। সেক্ষেত্রে বর্তমান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। পরে আরও চারজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন। এরপর গত ১০ নভেম্বর তিনজন উপদেষ্টা যুক্ত হন।
অধ্যাপক সি আর আবরার নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় বর্তমানে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা ২৩ জনে দাঁড়ালো।

Leave a Reply