পবিত্র সিয়াম সাধনার মাস রমজানের শেষে মুসলিম ধর্মাবলম্বী মানুষের এক মহামিলনের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। এ দিনে বিশ্বের সকল মুসলিম উম্মার পার্থিব এবং অপার্থিব সুখ আর মুক্তির আশায় মহান আল্লাহ’র শুক্রিয়া এবং হেদায়েত লাভের জন্য জাগতিক হিংসা নিন্দা ভুলে সবাই একত্রিত হয়ে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের পর পরস্পরে সৌহার্দ বিনিময় করে পরম শান্তি আর সুখ লাভ করে। সেই সাথে সাথে আগামীর পথচলা যাতে সুন্দর ও সুখময় হয় এ জন্য সৃষ্টিকর্তার কাছে মুনাজাত করে মুসলিম উম্মাগণ। পরস্পরের মধ্যে সুসম্পর্ক স্থাপনের এক অনন্য দৃষ্টান্ত এই পবিত্র ঈদ-উল ফিতর।
২০২৫-এর এই পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে “দৈনিক একতা”র পক্ষ থেকে বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য ঈদ মোবারকসহ ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনির গাজা উপত্যকায় মুসলিমদের ওপর যে নিপীড়ন চালানো হচ্ছে, সেদেশের নীরিহ জনগণ তথা শিশু নারীদেরকেও বর্বরভাবে খুন করা হচ্ছে এই বর্বরতার বিরুদ্ধে সকল মানবতাবাদীদের প্রতিবাদ করার চেতনা জেগে উঠুক এ কামনাও করা হচ্ছে অতি প্রবলভাবে।
আজকের দিনে সারাবিশ্বে ঘটা করে পালন করা হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। কিন্তু গাজাতে ইসরায়েলের নারকীয় হামলা অব্যাহত রয়েছে। গাজাবাসী হামলার আতঙ্কে হয়তো ভুলেই গেছে ঈদের আনন্দ উপভোগের কথা। তাদের কান্নার রোল থেমে নেই আজকের দিনেও। সেই সাথে রয়েছে আবার হামলার আতঙ্ক। কখন যেন এসে পড়ে ইসরায়েলের ঘাতক বোমবাহী যুদ্ধবিমান। কখন মাথার ওপর পড়ে তাদের মারণাস্ত্র। গাজাবাসীসহ বিশ্বের সকল নিপীড়িত মানুষের মুক্তি আর কল্যাণ কামনাও রয়েছে আজকের দিনে “দৈনিক একতা”র পক্ষ থেকে।
এছাড়া আজকের দিনে আমাদের দেশের বেতন না পাওয়া শ্রমিকদের পরিবারে নেই ঈদ আনন্দ। আজ শ্রমিকেরা ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে যাওয়ার বদলে, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ উদযাপন করার বদলে চোখে অশ্রু নিয়ে বকেয়া বেতন আদায়ের জন্য লড়াই সংগ্রাম করছে রাজপথে দাঁড়িয়ে। সেমাই, মণ্ডা, মিঠাই, একটুকরো মাংস দিয়ে ভাত খাওয়ার বদলে খাচ্ছে পুলিশের পেটানি। আজকের এই পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে শ্রমিকের ন্যয্য পাওনা না দিয়ে পালিয়ে বিদেশে বসে আনন্দ উল্লাস করা এইসব জালিমদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছে “দৈনিক একতা” পরিবার।
নির্বাহী সম্পাদক
Leave a Reply