একতা ডেস্কঃ এখনও গাজার দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ২৪টি জাহাজ। এর মধ্যে একটি জাহাজ মিকেনো ইতোমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। কতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের মাধ্যমে জানা গেছে একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্য জাহাজ গুলো গাজা উপকূল থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
এর আগে গতকাল বুধবার রাতে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ১৩টি জাহাজ আটকে দেয় এবং সেখানকার ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও আছেন। ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানিয়েছেন, আটক হওয়া ১৩ জাহাজে ২০১ জনের বেশি কর্মী ছিলেন। তাদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন ও মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। ইসরায়েলের দাবি, আটক ব্যক্তিদের একটি বন্দরে নেওয়া হচ্ছে এবং তারা ‘নিরাপদ ও সুস্থ আছেন।
Leave a Reply