একতা ডেস্কঃ আজ ১১ নভেম্বর বেতিয়ারা শহীদ দিবস। এ দিনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান সিপিবি’র। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লার বেতিয়ারায় ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর নয় সদস্য পাকিস্তানবাহিনী ও রাজাকারদের ব্রাশ ফায়ারে শহিদ হন। তারা হলেন শহীদ নিজাম উদ্দিন আজাদ, শহীদ সিরাজুম মুনির জাহাঙ্গীর, শহীদ বশিরুল ইসলাম (বশির মাস্টার হিসেবে সমাধিক পরিচিত), শহীদ আব্দুল কাইউম, শহীদ জহিরুল হক (দুদু মিয়া), শহীদ আওলাদ হোসেন, শহীদ সফি উল্ল্যাহ, শহীদ শহীদুল্লাহ সাউদ এবং শহীদ আব্দুল কাদির।
বেতিয়ারা শহীদ দিবস উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বেতিয়ারার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের আকাঙ্খিত বাংলাদেশ এখনও গড়ে উঠেনি। শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম জোরদার করার জন্য নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বেতিয়ারা শহীদ দিবস উপলক্ষে সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে সকাল ১১ টায় কুমিল্লার বেতিয়ারায় নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্তস্তবক অর্পণ করা হবে। সিপিবি কেন্দ্রীয় কমিটি ছাড়াও বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

Leave a Reply