একতা ডেস্কঃ ফুটবল মাঠে নজিরবিহীন ঘটনা ঘটেছে ব্রাজিলে। অনূর্ধ্ব-২০ ফুটবলের একটি ম্যাচে খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে লাল কার্ড দেখানো হয়েছে। এর মধ্য দিয়ে ২০১১ সালে আর্জেন্টিনার একটি ম্যাচে ৩৬ জনকে লাল কার্ড দেখানোর রেকর্ড ছাড়িয়ে গেছে ঘটনাটি।
গত রোববার ব্রাজিলের মিনাস জেরাইস অঞ্চলে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় মামোরে ও উবেরলান্দিয়া। ম্যাচে মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ম্যাচ রেফারি ফার্নান্দো প্যাট্রিকের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি ৪০ জন খেলোয়াড় ও আটজন কর্মকর্তাকে লাল কার্ড দেখান। এর আগে ম্যাচ চলাকালে আরও তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। পাশাপাশি উবেরলান্দিয়া ক্লাবের পরিচালনা পর্ষদের আরও দুই সদস্যকে বহিষ্কার করা হয়। সব মিলিয়ে লাল কার্ড পাওয়া ও বহিষ্কৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ৫৩ জনে।
সংঘর্ষের কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দুই দলের পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ রয়েছে, উবেরলান্দিয়ার কর্মকর্তারা মামোরের খেলার সরঞ্জাম ভাঙচুর করেছেন। অন্যদিকে মামোরের বিক্ষুব্ধ সদস্যদের বিরুদ্ধে উবেরলান্দিয়ার ড্রেসিংরুমে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের একটি ম্যাচে অ্যাতলেটিকো ক্লায়পোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের পর ৩৬ জনকে লাল কার্ড দেখানো হয়েছিল। এত দিন ওই ঘটনাই ফুটবল মাঠে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড হিসেবে পরিচিত ছিল।
Leave a Reply