একতা ডেস্কঃ আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে দেশের রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্যে সিপাহি-জনতার অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। বিএনপির বর্ণনায়, দিনটি জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ঐক্যবদ্ধ চেতনার প্রতীক।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, দুর্নীতি ও বৈষম্য দূর করা এবং জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব চক্রান্ত রুখে দিয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ তৈরি করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, অতীত নিয়ে সব সময় পড়ে থাকা যেমন সমীচীন নয়, তেমনি ইতিহাস থেকে শিক্ষা না নেওয়াও ভুল।
দিবসটি উপলক্ষে আজ দেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে। অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
Leave a Reply