একতা ডেস্কঃ বন্দর নগরী চট্টগ্রামের আদালতে ইসকনের মদদপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যা এবং জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় মিরপুরের পল্লবীর সিটি ক্লাবের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিরপুর ১০ নম্বরের স্বাধীনতা চতুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাতীয় নাগরিক কমিটির বৃহত্তর মিরপুরের পল্লবী, কাফরুল, মিরপুর ও রূপনগর থানার প্রতিনিধিরা এই বিক্ষোভের আয়োজন করেন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন। সমাবেশে শহিদ পরিবারের পক্ষ থেকে শহিদ শাহরিয়ার হাসানের বাবা আবুল হাসান, সিফাতের বাবা কামাল হাওলাদার, কামরুন নাহারের ভাই, সাইদুল ইসলামের মা. আহসান হাবীবের বাবা বক্তব্য দেন। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত আবুল হোসেন সোহেল ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন থানা প্রতিনিধিরা বক্তব্য দেন।
কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, ‘আজকে মিরপুরের এই বিক্ষোভ মিছিল সুস্পষ্ট কয়েকটি দাবি নিয়ে। চট্টগ্রামে ইসকন সন্ত্রাসী দ্বারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের বিচার করতে হবে। জুলাই-আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। অভ্যুত্থানের শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে।’
সমাবেশে পল্লবী থানার প্রতিনিধি ইমরান নাঈমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাজমুস সায়েক, আবু ইউনুস মাসুদসহ অন্যান্য নেতারা।

Leave a Reply