একতা ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। গতকাল শুক্রবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থানা এলাকা থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেছিলেন মো. আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের গুলিতে আহাদুল ইসলাম গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতের বাবা মো. বাকেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়।
ডিসি তালেবুর রহমান আরও জানান, তদন্তাধীন এ মামলায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply