একতা ডেস্কঃ সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। গতকাল বেলা ১১টায় ঢাকার মোহাম্মদপুরে দলটির কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্লাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন। শাহীনূর পাশা টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দলটির কেন্দ্রীয় সহসভাপতি পদ থেকে পদত্যাগ করে তৃণমূল বিএনপিতে যোগ দেন। ওই দলের মনোনয়নে তিনি নির্বাচন করে হেরে যান। শাহীনূর পাশা বলেন, তারা (জমিয়তে উলামায়ে ইসলাম) আমাকে নিতে অপারগ, তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর দলের টানাপড়েনের কারণেই দল বদলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও তিনি জানিয়েছেন। শাহীনূর পাশা ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। পরে ২০০৫ সালের এপ্রিলে আবদুস সামাদ মারা গেলে উপনির্বাচনে শাহীনূর পাশা আবার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন।

Leave a Reply