একতা ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখার এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। গত সোমবার রাতে নগরীর চকবাজার এলাকা থেকে দেলোয়ার হোসেন দুলাল নামের ওই নেতাকে আটক করা হয়। পুলিশকে দেওয়ার আগে দুলালকে বেধড়ক পিটুনি দেওয়া হয়। পুলিশ তাকে আটক করে চকবাজার থানায় নিয়ে যায়। দেলোয়ার হোসেন দুলাল চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের অর্থনীতি বিভাগের সভাপতির দায়িত্বে আছেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, রাতে দুলালকে আটক করে পুলিশকে খবর দেন কয়েকজন শিক্ষার্থী। পরে পুলিশ গিয়ে দুলালকে থানায় নিয়ে আসে। তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply