একতা ডেস্কঃ বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ গনতন্ত্র ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, হাসিনার দোসররা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই সুযোগ তাদের দেওয়া যাবে না। শেখ হাসিনার দোসররা মন্ত্রণালয়সহ নানা জায়গায় এখনো কাজ করছে। অবিলম্বে এদের পদায়ন বাতিল ও অপসারণ করুন। ২৮ ডিসেম্বর, শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে রশিদ সরকারের দোসররা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনাদের দায়িত্ব অনেক। কারো কথা শুনে দায় আপনাদের ঘাড়ে নিবেন না। ফ্যাসিবাদ সরকারের দোসরদেরকে যদি না সরান শুধু আগুন নয় আরো ষড়যন্ত্র, খেলা খেলতে পারে তারা। তাই এদেরকে সরাতে হবে। নির্বাচনের রোডম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মঈনুদ্দিন-ফখরুদ্দিনের মতো আর একটা জালে যেনো আপনি না পড়েন। মঈনুদ্দিন, ফখরুদ্দিন বিদেশে বসে শেখ হাসিনার সঙ্গে চুক্তি করে ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন। বিএনপিকে কয়েকটা আসন দেয়। আরো অনেক কথা রয়েছে সব বলবো। ড. ইউনুস সাহেব এই কথাগুলো সংসদে বলার জন্য অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন।
আমরা ২০১৮, ২০২৪, ২০১৪ সালের মতো নির্বাচন চাই না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এমন নির্বাচন চাই যে নির্বাচনে মৃত ব্যক্তিরা ভোট দেবে না। রাতে ভোট হবে না। যার ভোট সে দিবে। পছন্দমত প্রার্থীকে বিজয়ী করবে। এমন নির্বাচন চাই যে নির্বাচনে ১৫২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না।
Leave a Reply