একতা ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীনসিটি ভবনের চারতলা থেকে লাফিয়ে পড়ে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। ৪ জানুয়ারি, শনিবার ভোর ৪টায় গ্রীনসিটির ৯ নাম্বার ভবনের ৪২ নাম্বার ফ্ল্যাটের জানালা দিয়ে লাফিয়ে পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত রাশিয়ান নাগরিক পশিতারুক কিশনিয়া (৪০) (POSHTARUK KSENIIA) রুপপুর বিদ্যুৎ প্রকল্পের এসএমইউ-১ (Smu-1) কোম্পানিতে কর্মরত ছিলেন।
দ্বায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী সূত্রে জানা যায়, ভোর ৪ টার দিকে গ্রীনসিটির ৯ নাম্বার ভবনের ৪২ নাম্বার ফ্ল্যাটের জানালা দিয়ে মাটিতে কিছু পড়ার জোরালো শব্দ পাওয়া যায়। শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় ঐ রুশ নাগরিক ভবনের নিচে পড়ে রয়েছে। তখন গ্রীণসিটির দায়িত্বরত চিকিৎসক কে খবর দিলে তিনি এসে প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। রুশ নাগরিক মৃত্যুর ঘটনা জানতে পেরে সকালে ঘটনাস্থল (গ্রীণসিটি এলাকা) পরিদর্শন করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ এবং রুপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, স্বামীর সাথে কলহের জের ধরেই আত্মহত্যার এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply