একতা ডেস্কঃ চলতি সপ্তাহেই তাঁর পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির লিবারেল পার্টিতে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে পড়তে হয়েছে ট্রুডোকে। গতকাল রবিবার দ্য গ্লোব অ্যান্ড মেইল সংবাদপত্রে এ খবর প্রকাশিত হয়েছে।
আগামী বুধবার অনুষ্ঠিত হতে চলা জাতীয় লিবারেল পার্টির বৈঠকের আগেই প্রধানমন্ত্রী পদ থেকে নিজের পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন ট্রুডো। জল্পনা, সোমবারের মধ্যেই হয়তো ট্রুডোর পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। জাস্টিন ট্রুডো ২০১৫ সালে ক্ষমতায় এসেছিলেন এবং ২০১৯ এবং ২০২১ সালে লিবারেল পার্টিকে জয়ী করতে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু, এখন তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ নেতা পিয়েরে পোইলিভের থেকেও ২০ পয়েন্ট পিছিয়ে রয়েছেন।
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই জাস্টিন ট্রুডোর ওপর চাপ ক্রমশ বাড়ছিল। বর্তমানে, কানাডার পার্লামেন্টের হাউস অফ কমন্সে মোট ৩৩৮টি আসনের মধ্যে লিবারেল পার্টির ১৫৩ জন এমপি রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য লিবারেল পার্টির ১৭০টি আসনের প্রয়োজন। কয়েক মাস আগে ট্রুডোর সরকারের ‘বন্ধু’ খালিস্তানিপন্থী এমপি জগমিত সিংয়ের দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। তার পরই পরিস্থিতি চরমে ওঠে।

Leave a Reply