একতা ডেস্কঃ নিজেদের মধ্যে মিডিয়া সহযোগিতা জোরদার করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এ কারণে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমব্রিন জানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। ৭ জানুয়ারি, মঙ্গলবার পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে মিডিয়া সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার সচিব আমব্রিন জান বলেন, “পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের রাষ্ট্রীয় মিডিয়া সংস্থাগুলোর মধ্যে যৌথ প্রযোজনা এবং সংবাদ আদান-প্রদানের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।
পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন, অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এবং রেডিও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশি মিডিয়া প্রতিষ্ঠানের অংশীদারিত্বের ওপর জোর দেন তিনি। সাংবাদিক বিনিময়ের মাধ্যমে উভয় দেশের গণমাধ্যমকর্মীরা একে অপরের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানার সুযোগ পাবেন বলেও মত প্রকাশ করেন।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার ইকবাল হুসাইন খান দুই দেশের জনগণকে ভাই আখ্যায়িত করে বলেন, “যৌথ সহযোগিতামূলক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।” তিনি মিডিয়া, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পাকিস্তান সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশি কেবল নেটওয়ার্কে পাকিস্তানি সংবাদ ও বিনোদন চ্যানেলের প্রাপ্যতা সম্প্রসারণ এবং যৌথভাবে চলচ্চিত্র উৎসব ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনের বিষয়ে আলোচনা করেন। এছাড়া ঐতিহাসিক বর্ণনা এবং সাংস্কৃতিক মূল্যবোধকে তুলে ধরতে অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। আলোচনা শেষে উভয় দেশই ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছে।

Leave a Reply