একতা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানান, ৭ জানুয়ারি, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি।
উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশে ৭ জানুয়ারি, মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি গতকাল মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে গুলশানের বাসা থেকে ক্রিম কালারের একটি গাড়িতে করে রওনা দেন বিমানবন্দরের উদ্দেশে। গাড়িতে তাঁর পাশে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান (সিঁথি)। গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের সহধর্মিণী নাসরিন এস্কান্দারসহ আত্মীয়স্বজনেরা তাঁকে বিদায় জানান।
রাত ১১টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স উঠেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ম্যাডাম বিমানে ওঠার সময় সালাম বিনিময় হয়েছে আমাদের সঙ্গে। বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিম রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
পথে পথে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান। এসময় কর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, খালেদা জিয়ার ছবি সম্বলিত ফেস্টুন শোভা পায়। দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ সময় বুধবার তার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
৬ জানুয়ারি, সোমবার সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন খালেদা জিয়া। মঙ্গলবার রাত ১০টায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু দলীয় নেতাকর্মী ভিড় ঠেলে বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় তার।
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হবে সাত বছর পর। লন্ডনে ছেলের বউ জুবাইদা রহমান ও নাতনি জায়মা জারনাজ রহমান খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মা-ছেলের দীর্ঘ কাঙ্ক্ষিত এই সাক্ষাতে দেশ, দল ছাড়াও ভবিষ্যতের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হতে পারে। বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে গিয়েছিলেন। এরপর তাঁর আর কোনো বিদেশ সফর হয়নি।

Leave a Reply