একতা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা জানতে তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে বললেন। শনিবার সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সিইসি একথা বলেন।
তিনি বলেন, “তফসিল ঘোষণার আগে যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়েই নির্বাচন হবে। সময়মতো পরিষ্কার হয়ে যাবে, কারা নির্বাচনে অংশ নিতে পারবে। আমাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাচনের আগে কোনো দলের অবস্থান নিয়ে মন্তব্য করা আমাদের কাজ নয়। অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি।”
সিইসি নাসির স্পষ্ট করে বলেন যে ত্রয়োদশ নির্বাচন কেবল ব্যালট পেপারের মাধ্যমে হবে, ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করছে। তবে প্রবাসী ভোটারদের সম্পূর্ণ অন্তর্ভুক্ত করতে সময় লাগতে পারে।

Leave a Reply