একতা ডেস্কঃ গত বছরের ৪ আগস্ট-এর আন্দোলন চলার সময় থেকে দেশের বিভিন্ন এলাকার ৪০টি মাজার ও ৪৪টি দরগায় হামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ২৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ১৮ জানুয়ারি, শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
বলা হয়, সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১৭টি হামলার রিপোর্ট করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১০টি এবং ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে চারবার হামলার ঘটনা ঘটেছে। প্রেস উইং জানায়, সবগুলো ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডি থানায় দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ২৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দুটি নিয়মিত মামলায় চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। বাকি ১৩টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডির তদন্ত চলমান রয়েছে।
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার মাজার ও দরগাহে যেকোনও হামলার বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। সব পুলিশ ইউনিটকে ঘটনাগুলোর তদন্ত কঠোরভাবে চালানোর এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। মাজার ও দরগাহগুলোর নিরাপত্তা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

Leave a Reply