একতা ডেস্কঃ একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে ৭৭ জন মারা গেছেন পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায়। আহত হয়েছেন আরও ২৫ জন। আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। মূলত জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ হওয়ায় ঘটে হতাহতের ঘটনা।
জানা গেছে, শনিবার উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর ভেতরে থাকা জ্বালানি আশপাশে ছড়িয়ে পড়েছিল। পরে জ্বালানি সংগ্রহের জন্য অনেক মানুষ সেখানে আসেন। লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়ে ৭৭ জন মারা যান। উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হন বলে জানিয়েছেন কর্মকর্তারা। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
বিবিসি সূত্র জানিয়েছে, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং দূর্বল যানবাহনের কারণে এই ধরণের দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের অক্টোবরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের সময় সেখানে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে ১৫৩ জনের মৃত্যু হয়।

Leave a Reply