একতা ডেস্কঃ ইউক্রেন প্রায় তিন বছর ধরে চলমান রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত সেনার সংখ্যা এখনও খুব বেশি জানায়নি। রাশিয়াও তাদের নিহতের সংখ্যা অধিকাংশ সময় গোপন রেখেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এখনো পর্যন্ত যুদ্ধে ৪৫ হাজার ১০০ সেনা নিহত হয়েছেন। আহতের সংখ্যা তিন লাখ ৯০ হাজার।
তিনি বলেন, তিন বছরে পা দিল এই যুদ্ধ। বহু মানুষের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অপরিসীম। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে এবং সমাধানসূত্র খুঁজে বের করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতেও রাজি। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার ব্রিটিশ সাংবাদিক পিয়েরস মরগ্যানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন, ‘ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য যদি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে হয়, আমি বসতে রাজি আছি। আর মানুষের মৃত্যু মেনে নেয়া যাচ্ছে না।’ কূটনৈতিক পথে যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব। তবে আলোচনায় রাশিয়ার পাশাপাশি আমেরিকা এবং ইউরোপকে থাকতে হবে।
জেলেনস্কি জানান, রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে। এবং ইউক্রেন কোনোভাবেই তা মেনে নেবে না। এবিষয়ে পশ্চিমা দেশগুলির অবস্থান নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। তার মতে, রাশিয়াকে ইউক্রেনের ভিতর থেকে পিছনে সরানোর ব্যাপারে পশ্চিমা দেশগুলোর কাছে যতটা সাহায্য আশা করেছিল ইউক্রেন, তারা তা দিতে ব্যর্থ হয়েছে।
ক্ষমতায় আসার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন। শুধু তা-ই নয়, আমেরিকা ইউক্রেনকে আর সামরিক সাহায্য করবে না বলেও ও জানিয়েছিলেন তিনি। রাশিয়ার উপরে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে বাস্তবে এখনো পর্যন্ত ট্রাম্প কোনো পদক্ষেপ নেননি।

Leave a Reply