একতা ডেস্কঃ আরাকান আর্মির বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় চার জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন মোহনায় এ ঘটনা ঘটে বলে জানান কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব।
ধৃত ব্যক্তিরা হলেন, উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা আব্দু রকিম (২০), মোঃ হাছান (৩০), মোঃ জাবের (২৬) এবং মোঃ হাসান (১৬)। কোস্ট গার্ডের লেফটেন্যান্ট সারতাজ বিন সোহরাব জানান, প্রতিদিনের মতো সকালে হাছান তার মালিকানাধীন ট্রলার নিয়ে চার জেলেসহ মাছ ধরতে যান। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা একটি স্পিডবোট তাদের ট্রলার ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমানসহ সংশ্লিষ্টদের একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি।
Leave a Reply