একতা ডেস্কঃ সরকার একটি স্বতন্ত্র সিভিল রেজিস্ট্রেশন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্ট সংক্রান্ত সেবার জটিলতা নিরসনে। সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫ নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরি হচ্ছে, যা বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামতের পর্যায়ে রয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা’ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি অংশ নেন। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের সময়ে যে আইন প্রণয়ন করা হয়েছিল, তা বাতিলের জন্য নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় চিঠি দিয়েছে। নির্বাচন কমিশন এনআইডি সেবা নিজেদের অধীনে রাখতে যে প্রস্তাব দিয়েছে, তা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।
এখন সরকারকে অধ্যাদেশ জারি করে আগের আইন পুনর্বহাল করতে হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, খসড়ার বিষয়ে আলোচনা চলছে। এটি মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। সিভিল রেজিস্ট্রেশন কমিশন গঠনের মাধ্যমে জাতীয় পরিচয় ও নাগরিক নিবন্ধনব্যবস্থায় যে নতুন দিগন্ত উন্মোচিত হবে, তা কতটা কার্যকর হবে, সেটি নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

Leave a Reply