একতা ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাব এবং পুলিশের পরিচয়ে মালামাল ছিনতাই করে পালানোর সময় ৪ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে ক্যানোপি এলাকার বাইরে মো. নাজমুল নামে এক ব্যক্তির কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সার্জেন্ট ইকবাল, মো মাকসুদ, পুসিদার হোসেন এবং আসাদুল হক। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৭-৭৪১৮) জব্দ করা হয়।
এপিবিএন জানিয়েছে, আটককৃত সদস্যদের মধ্যে সার্জেন্ট ইকবাল ও মো. মাকসুদ সেনাবাহিনীর সদস্য। তারা দুজনই বর্তমানে র্যাবে কর্মরত। আর পুলিশ কনস্টেবল পুসিদার হোসেন বর্তমানে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত। আটককৃত অপরজন মো. আসাদুল হক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয় বলে বিমানবন্দর থানা পুলিশ নিশ্চিত করেছে।
আটককৃতরা দীর্ঘদিন যাবত একই প্রক্রিয়ায় বিমানবন্দরসহ আশেপাশের এলাকায় বিমানযাত্রী এবং সহযাত্রীদের নিকট হতে গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে আসছিল।

Leave a Reply