একতা ডেস্কঃ কুড়িগ্রাম সদর থানা পুলিশ জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে জেলা শহরের মোজারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি মোঃ হাবিবুল্লাহ।
নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। এছাড়া কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
জানা গেছে, এমপি থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। তবে তাকে ঠিক কী অভিযোগে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওসি হাবিবুল্লাহ বলেন, ‘তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার দেখানো হবে।

Leave a Reply