একতা ডেস্কঃ সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা সকল দাবি পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে টানা আন্দোলনের ৮ দিন পর শাটডাউন কর্মসূচি ও আন্দোলন প্রত্যাহার করেছেন। বুধবার সকাল ১০টায় মেডিকেল কলেজের ফটকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দ্রুতই তারা ক্লাসে ফিরবেন। আজ সকালে শিক্ষার্থীরা প্রথমে মেডিকেল কলেজের প্রধান ফটকের তালা খুলে দেন। এরপর সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌনতা নাথ মিশি, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ হারুন অর রশিদ, প্রিয়াস চন্দ্র দাস এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কায়েস আব্দুল্লাহ জামান।
শিক্ষার্থীরা বলেন, ‘ওয়ার্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে গত ১৫ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলন করে আসছিলাম আমরা। গতকাল ২২ এপ্রিল কলেজে এবং ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা ওয়ার্ড সেবা ও হাসপাতাল চালুর বিষয়ে তাৎক্ষণিক সমাধান পাওয়া যায় এবং যেসব সমস্যার সমাধান সময় সাপেক্ষ তার রোডম্যাপ দেওযায় আমরা সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাজে আশ্বস্ত হয়েছি। এজন্য আমরা সর্বসম্মতিতে আমাদের আন্দোলন কর্মসূচির প্রত্যাহার করার ঘোষণা করছি। তবে ওয়ার্ড যদি রেগুলার মনিটর না হয় এবং হাসপাতালের রোডম্যাপ ফলো না করা হয়, তবে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামব।’
শিক্ষার্থীরা যৌক্তিক দাবির আন্দোলনে পাশে থাকার জন্য সাধারণ জনগণ, মেডিকেল কমিউনিটি ও মিডিয়াকে ধন্যবাদ জানান। গত ১৫ এপ্রিল থেকে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন, সড়ক অবরোধ ও একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা।

Leave a Reply