একতা ডেস্কঃ সারাদেশে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা নিচে নেমে এসেছে। ৬ জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আগামীকাল রোববার উত্তরাঞ্চলসহ সারাদেশে শীতের অনুভূতি বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
৮ ফেব্রুয়ারি, শনিবার দিনাজপুর, পাবনা, রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামীকাল রোববারও অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
এই ধাপের পর চলতি মৌসুমে নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। তবে বিচ্ছিন্নভাবে পাবনা বা উত্তরাঞ্চলের কোথাও কোথাও তা হতে পারে। এছাড়া আগামী ১০ তারিখের পর থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে। গত এক সাপ্তাহের তুলনায় এই দুইদিন শীতের ভাব বেশি থাকবে বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply