একতা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সিইসি বলেন, ‘আমরা কমিশনে যারা আছি আমরা কোন রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে নির্বাচন কমিশনের বদনাম হয়েছে। ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হল ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হল-পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন।
রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সপে দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ। এজন্য নির্বাচন কমিশনের উপর রাজনীতিবিদদের প্রভাব বিস্তার বন্ধ করতে হবে। রাজনীতিবিদদের ‘ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন’ যদি বন্ধ করা না যায়, আবার সেই পুরনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি। আমরা যথাযথ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের বাংলাদেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়, যদি না আমরা সবার সহযোগিতা না পাই।’ এসময় চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।

Leave a Reply