একতা ডেস্কঃ মাদারীপুর সদর উপজেলার দেবরাজ গ্রাম থেকে ইয়াকুব আলী শেখের ঘর থেকে প্রায় ১৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ৬টার দিকে এই পাথরের মূর্তি উদ্ধার করা হয়। বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইয়াকুব শেখের বড় ছেলে শাহ্ আলীর বসবাসের জন্য নতুন ঘর নির্মাণের উদ্দেশ্যে বাড়ি পাশের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করছিলেন। বুধবার বিকেলে ওই মেশিনে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি উঠে আসে।
পরে ইয়াকুব শেখের ছেলে ও ভাতিজা পাথর ধুয়ে ঘরে রেখে দেয়। খবর ছড়িয়ে পড়লে কষ্টিপাথর দেখার জন্য স্থানীয় লোকজন ইয়াকুবের বাড়িতে ভিড় করে। খবর দিলে মূর্তিটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্নতত্ত্ব অধিদফতরের যোগাযোগ করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply