একতা ডেস্কঃ ব্যারিস্টার কায়সার কামাল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৩৪২ ধারায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দেওয়া বক্তব্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগে উপস্থাপন করে আবেগাপ্লুত হলেন। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে এ মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির তৃতীয় দিন ছিল। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেন। শুনানির একপর্যায়ে খালেদা জিয়ার ৩৪২ ধারায় দেওয়া বক্তব্য তুলে ধরে তার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কায়সার কামাল অশ্রু ধরে রাখতে পারেননি। আদালত কক্ষে উপস্থিত আইনজীবী ও দর্শকদের অনেকে এ সময় আবেগাপ্লুত হন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ আপিল বেঞ্চের বিচারপতিরা খালেদা জিয়ার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পুরো এজলাসে তখন নীরব পরিবেশ বিরাজ করছিল।
খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, প্রায় তিন যুগ আগে মানুষের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আমি রাজনীতির অঙ্গনে পা রাখি। সে দিন থেকেই বিসর্জন দিয়েছি আমার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য। আমি নিশ্চিত ও নিরাপদ জীবন ছেড়ে ঝুঁকিপূর্ণ অনিশ্চিত পথে পা দিয়েছিলাম। তখন রাষ্ট্রক্ষমতা অবৈধ দখলকারীরা চায়নি আমি রাজনীতিতে থাকি। আমি রাজনীতি না করলে তারা আমাকে অনেক বেশি সম্মান ও সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলেছিল। নইলে অনেক দুর্ভোগ পোহাতে হবে বলে আমাকে ভয় দেখানো হয়েছিল। সব কিছু উপেক্ষা করে আমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখি। কারণ দেশে তখন গণতন্ত্র ছিল না। জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেওয়া হয়েছিল। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু থেকেই আমাকে রাজপথে নামতে হয়েছিল।

Leave a Reply