একতা ডেস্কঃ কুমিল্লাকে জেলা থেকে বিভাগীয় শহরে উত্তীর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, পলাতক সরকার কুমিল্লাকে কটুক্তি করেছে। কুমিল্লার সাথে বৈষম্য করে বিভাগ থেকে বঞ্চিত করেছে। শীঘ্রই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে।
উপদেষ্টা গতকাল বিকেলে কুমিল্লার মুরাদনগরে ডি আর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ সব কথা বলেন। এর আগে সকালে মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। দুপুর আড়াইটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের এই মহানায়ককে অভিবাদন জানাতে সকাল থেকেই মুরাদনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন ও শিক্ষক প্রতিনিধি, ছাত্র সমন্বয়কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেয়া হয়।
উপদেষ্টা আসিফ আরো বলেন, এখন যে সুযোগটুকু পেয়েছি, এর সবটুকু দিয়ে এদেশের মানুষের সেবা করে যাবো। আগামী দিনে যেকোনো ক্রান্তিকালে আপনাদের পাশে থাকবো। মুরাদনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেয়া হবে। এতে শিক্ষার্থীরা শরীর চর্চা করে মননশীল মেধা অর্জন করবে। তিনি জানান, মুরাদনগরে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ২০টি প্রকল্পের অনুমোদন হয়েছে। অতি দ্রুত কার্যক্রম শুরু হবে।

Leave a Reply