ছানোয়ার হোসেন, খাগড়াছড়িঃ খাগড়াছড়িতে জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে চালক মোঃ চাঁন মিয়া (৩৫) মারা গেছে। ১৩ জানুয়ারি, সোমবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর উপজেলাধীন দাতকুপ্যা এলাকায় এ ঘটনা ঘটে। সে মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকার মৃত মোঃ সুলতান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ট্রাক্টরের মালিক হারেজ মিয়া সাথে দিন মজুরি দিতে চাঁন মিয়া ট্রাক্টর নিয়ে খাগড়াছড়ি সদর উপজেলাধীন দাতকুপ্যা এলাকায় জমি চাষ করতে যান। চাষ শেষে বেলা ১১টার দিকে ফেরার পথে রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি হঠাৎ উল্টে যায়। এসময় চালক চাঁন মিয়া গাড়ির নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে সাথে থাকা ট্রাক্টরের মালিক হারেজ মিয়া আহত হন। বর্তমানে তার মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ওসি মোঃরফিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় চোংড়াছড়ি এলাকাবাসীর মধ্যে শোকেরর ছায়া নেমে এসেছে।

Leave a Reply