একতা ডেস্কঃ গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ভিডিও ফুটেজ, ছবি বা অন্যান্য তথ্যাদি জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে। ২ জানুয়ারি, বৃহস্পতিবার অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশ মোতাবেক জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা এবং তাঁদের পরিবারবর্গকে সহায়তা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তক্রমে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যপরিধির আওতায় বিশেষ সেল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গৌরবোজ্জ্বল ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে।
সর্বস্তরের জনসাধারণের কাছ থেকে গণঅভ্যুত্থানকালীন ১৬ জু লাই হতে ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত সংঘটিত ঘটনাবলীর ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহ্বান করা হচ্ছে। এমতাবস্থায়, জনসাধারণের কাছে সংগৃহীত/সংরক্ষিত গণঅভ্যুত্থানকালীন ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে
(muspecialcell36@gmail.com) আপলোড করার জন্য অনুরোধ করা হলো। এছাড়াও এসকল তথ্য (স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি) বর্ণিত সময়ের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (২য় তলা, ভবন নং-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) পেনড্রাইভ যোগে প্রেরণ অথবা সরাসরি হস্তান্তর করা যাবে।

Leave a Reply