একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বলে জানিয়েছেন। ২০ মার্চ, বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর তথ্য ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, সত্য প্রচারের পাশাপাশি গণমাধ্যমকে গুজব ও অপপ্রচার মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করতে হবে।
গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি গণমাধ্যমে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোও প্রচার হওয়া উচিত। এ সময় গত ১৬ বছরে গণমাধ্যমের ভূমিকার সমালোচনাও করেন মাহফুজ আলম।
গণমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিষ্ঠা করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকার গণমাধ্যম সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। আর গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে গণমাধ্যম মালিক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। আশাকরি, তারা তা করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের মালিক, সম্পাদক এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply