একতা ডেস্কঃ উত্তরা পশ্চিম থানা পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি। উত্তরা পশ্চিম থানার ওসি মোঃ হাফিজুর রহমান গতকাল রাতে কালের কণ্ঠকে জানান, সোমবার রাত ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের তুরিন আফরোজের বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার করে রাত ১২টার দিকে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে বলে ওসি জানান। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে ব্যারিস্টার তুরিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত করে তৎকালীন সরকার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আযমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন। ২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply