একতা ডেস্কঃ দেশের পরিস্থিতি অনুকূলে থাকাকালীন দ্রুত নির্বাচন চায় বিএনপি। গণ-অভ্যুত্থানে প্রকাশ্যে-অপ্রকাশ্যে ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোর জন্য সমতল মাঠ তৈরি করতে নির্বাচনকেন্দ্রিক সংস্কারও চায় দলটি। এক্ষেত্রে বেশি সময় দিতে চায় না বিএনপি। ডিসেম্বরে সংস্কার সম্পন্ন হওয়ার পর আগামী বছরের মার্চ থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে দলটি। দলের গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, সরকারের সংস্কার কার্যক্রম দেখে তারা নির্বাচনের দাবি তুলবেন। এ জন্য সামনের দিনগুলোতে সরকারের প্রতি চাপ বাড়ানো হবে।
দলের গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গত সাড়ে ১৫ বছরে রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করে ফেলেছে। এ কারণে সাড়ে তিন মাসের বেশি সময় ধরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা সরকারের প্রত্যাশিত গতি আসেনি। সরকারের এই দুর্বলতার কারণে বারবার পতিত সরকারের লোকজনসহ বিদেশিরাও নানাভাবে ষড়যন্ত্র করছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই দ্রুত নির্বাচনকেন্দ্রিক সংস্কারের কাজ শেষ করে জাতীয় নির্বাচন দেওয়া জরুরি। গত বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা বলেছে দলটি। তা না হলে পরিস্থিতি যে দিকে যাচ্ছে, সরকারের দুর্বলতায় ফ্যাসিবাদ ফিরে আসবে বলেও মনে করেন বিএনপি নেতারা।
বিএনপি নেতারা বলেন, তারা চান ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচনকেন্দ্রিক সংস্কার কাজগুলো সম্পন্ন করুক এবং মার্চ-এপ্রিল মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করুক। অবাধ, সুষ্ঠু, নিরপক্ষে নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠিত হয়, তাহলে ওই সরকার মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট বিপ্লবের মর্মবাণী বুকে ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গড়তে অন্যান্য সংস্কার কাজ করবে ও দেশ পরিচালনা করবে।
এই নেতারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করে। এরপর দলের পক্ষ থেকে সরকারকে যৌক্তিক সময়ের দেওয়ার কথা বলা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনকেন্দ্রিক সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে। সমমনা দলগুলোও একই দাবি জানাচ্ছে।
১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, সাড়ে তিন মাসের বেশি হলো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অবিলম্বে তাদের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত।

Leave a Reply