একতা ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম এক মাস বন্ধের পর আবারও শুরু হচ্ছে। আজ থেকে শুরু হওয়া ট্রাকসেলে এবার পাওয়া যাবে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। গতকাল রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি। নিম্নআয়ের উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। ওই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে ঢাকা মহানগরী ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি কার্যক্রম আজ থেকে শুরু হবে।
এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুরের দাম পড়বে ১৫৫ টাকা। অন্যান্য বিভাগীয় শহর ও কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম অতি দ্রুত শুরু হবে বলেও জানিয়েছে টিসিবি।
Leave a Reply