একতা ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একযোগে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার আয়োজিত এই দেশব্যাপী আন্দোলনের নাম দেওয়া হয় ‘৫০৫০১” অর্থাৎ ৫০টি অঙ্গরাজ্যে ৫০টি প্রতিবাদ, একটাই আন্দোলন। বিক্ষোভকারীরা এই আন্দোলনকে ‘স্বাধীনতার জন্য নতুন লড়াই’ হিসেবে আখ্যা দিয়েছেন। আন্দোলনের সময় অনেককে “No Kings” লেখা পোস্টার হাতে দেখা গেছে, যা ইংরেজ রাজতন্ত্রবিরোধী আমেরিকান বিপ্লবের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই কর্মসূচির সময়কালও ছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিক্ষোভের মূল ইস্যুগুলোর মধ্যে ছিল অভিবাসন নীতি এবং সরকারি ব্যয়ের কাটছাঁট। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের নীতিগুলো মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি। এ সময় ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)” নামক একটি প্রকল্পেরও সমালোচনা করা হয়, যেটি সরকারি ব্যয় ও কর্মসংস্থান হ্রাসের উদ্দেশ্যে চালু হয়েছে।
রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির হারও কমে ৩৭ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে জানুয়ারিতে ছিল ৪২ শতাংশ।
তবে, বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ ‘সবচেয়ে বড়’ না হলেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত “হ্যান্ডস অফ” (Hands Off) শীর্ষক আন্দোলনটি আরও বড় পরিসরে হয়-৫০টি অঙ্গরাজ্যের ১২০০টি স্থানে একযোগে অনুষ্ঠিত হয়, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply