একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। ১৭ মার্চ, সোমবার সকালে তার পাঠানো উপহারটি পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হালিমা আরলি। তার সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির নেতা খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ঢাকা দক্ষিণ যুবদলের নেতা রবিউল ইসলাম নয়নসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্য ও অন্যান্য সামগ্রী। সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি।
শিশু আছিয়ার ওর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন তার চিকিৎসাসহ সব কিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হালিমা আরলি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ধর্ষণের ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে আছেন। সব সময় তিনি খোঁজখবর রাখছেন। পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। শুধু আছিয়া নয়, সারা বাংলাদেশে নারী নির্যাতনে ভিকটিমরা যেন আইনি সহায়তা পায় সে জন্য সেল করে দিয়েছেন। নারীদের স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

Leave a Reply