একতা ডেস্কঃ বিভিন্ন অসাধু ব্যক্তি ও দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহযোগিতা করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই রোহিঙ্গা বা বিদেশিরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার অপচেষ্টা করলে নাগরিকদের ইসিকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। কিন্তু ভোটার তালিকা আইন অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি, দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন যা ভোটার তালিকা আইন এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
বাংলাদেশের যেকোনো স্থানে জেলা, উপজেলার নির্বাচন অফিসে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিক এনআইডি সংগ্রহের অপচেষ্টা করার তথ্য ইসির স্থানীয় উপজেলা, জেলা, আঞ্চলিক, ইসি সচিবালয়ের টেলিফোনে ০২-৫৫০০৭৬০০; ই-মেইল: secretary@ecs. gov. bd অথবা কল সেন্টার ১০৫ (টোল ফ্রি) অথবা ডাকযোগে-বরাবর সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ জানানো, পাঠানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Leave a Reply