একতা ডেস্কঃ রাজনীতির একটি অংশ- বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদের খেয়াল করতে হবে তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে আরও একটি বিষয়ে, আমরা অযাচিত তর্ক-বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যাই। এমন দৃঢ়তার সাথে মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচার দেশ ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। এখন যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশকে সর্বনাশের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবো। গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। বিএনপির নেতাকর্মীকে দেশকে গড়ে তুলতে, রাষ্ট্রব্যবস্থাকে পুনর্গঠন করতে কাজ করতে হবে। দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। অধিকাংশ মানুষই বিশ্বাস করে দেশে যদি একটা সঠিক নির্বাচন হয় তাহলে বিএনপির সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু সে আশা নিয়ে বসে থাকলে চলবে না, সেজন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। নেতাকর্মীদের কথা-বার্তা, কাজ কর্মে তার প্রতিফলন থাকতে হবে। দেশ ও মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতে হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপি নেতা সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, কাজী মিজানুর রহমান, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, শেখ মোহাম্মদ আলী বাবু, মুর্শিদ কামাল।

Leave a Reply